ইরানে নতুন হামলা আপাতত স্থগিত রাখছেন ট্রাম্প, স্বস্তি ফিরল উপসাগরীয় শেয়ারবাজারে
আন্তর্জাতিক ডেস্ক | ১০ নভেম্বর ২০২৬
ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক মিত্র দেশগুলোর অনুরোধের পর নতুন হামলা থেকে আপাতত বিরত থাকার সিদ্ধান্তের কথা জানান তিনি। তাঁর এই বক্তব্যের পর উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি দেশ নতুন করে সামরিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। এসব দেশের উদ্বেগের বিষয় বিবেচনায় নিয়ে আপাতত নতুন হামলা না চালানোর কথা জানিয়েছেন ট্রাম্প।
তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগও অব্যাহত আছে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন এলাকায় লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ট্রাম্পের বক্তব্যের পর মঙ্গলবার সৌদি আরবের প্রধান শেয়ারবাজার সূচক ০.৬ শতাংশ বেড়েছে। দুবাইয়ের বাজার বেড়েছে ১.৪ শতাংশ। আবুধাবির সূচক ০.৮ শতাংশ এবং কাতারের সূচক ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কিছুটা কমায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে হরমুজ প্রণালিতে অবরোধ এবং জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য এখনো বড় ঝুঁকি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পদক্ষেপ এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতির ওপর।
তথ্যসূত্র: রয়টার্স।


0 Comments